মাদকবিরোধী সভায় বক্তব্য দেওয়ার সময় কলেজ অধ্যক্ষের মৃত্যু
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলঘর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সভায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যক্ষ আবদুল মালেক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমন আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানস্থলে উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। অধ্যক্ষ আবদুল মালেকের মৃত্যুতে সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন এবং সামাজিক সচেতনতামূলক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর শিক্ষার্থীরা।
ডিআর




Comments