হত্যাকাণ্ডের শিকার পরিবহন শ্রমিক সজীব
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সজীব স্থানীয় নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পেশায় তেলের লরির হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ধনকুন্ডা এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সজীব। এ সময় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা সজীবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনা-পাওনা সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ডিআর




Comments