Image description

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের নতুন দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। নতুন দায়িত্বের আওতায় জেলার প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে নজরদারি করবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও সমন্বয়ে ভূমিকা রাখবেন।

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর।

তবে এ দায়িত্ব বণ্টনের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার বিদ্যমান আইনগত ক্ষমতা খর্ব হবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

নতুন দায়িত্বের মধ্য দিয়ে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর তদারকি ও সমন্বয়ের পরিধি আরও বিস্তৃত হলো।

এসএ