কসবায় পুলিশের ধাওয়ায় খাদে পড়ল মাদকবাহী মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ৯ বস্তা গাঁজাসহ একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের আন্দিরপাড়-খিদিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ জানতে পারে, একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক আন্দিরপাড়-খিদিরপুর সড়ক দিয়ে মহাসড়কের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে এসআই শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই সড়কে অবস্থান নেয়। মাদকবাহী মাইক্রোবাসটি পুলিশের চেকপোস্টের কাছে পৌঁছালে গতিরোধ করার সঙ্কেত দেওয়া হয়। কিন্তু চালক চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।
ধাওয়ার একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সুযোগে অন্ধকারে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-ঢ-১৯-০৭৪০) উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার ওজন পরিমাপের কাজ চলছে। পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিআর




Comments