টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে সেতুর ওপর দিয়ে চলাচলের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হ্রদের পানি বাড়ায় সেতুর পাটাতনের ওপর প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়। উজান থেকে ঢল নামা অব্যাহত থাকায় সেতুটি পারাপার বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেতুতে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, "সেতুর পাটাতনে পানি ওঠায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আমরা এটি বন্ধ করে দিয়েছি। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।"
এদিকে, প্রিয় পর্যটন কেন্দ্রটি দেখতে এসে সেতুতে উঠতে না পেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা হতাশা ব্যক্ত করেছেন।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৫ ফুট এমএসএল (মিন সি লেভেল) অতিক্রম করলেই ঝুলন্ত সেতু ডুবতে শুরু করে। শনিবার দুপুরে হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। উল্লেখ্য, হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে হ্রদের পানির ক্রমবর্ধমান চাপ কমাতে জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রাখা হয়েছে এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
ডিআর




Comments