Image description

নরসিংদীর মনোহরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলসংগীত পরিবেশন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসএ