রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজ সাজ রব
সড়ক-মোড় সেজেছে ব্যানার-ফেস্টুনে, এলইডিতে উঠে আসছে দলের ইতিহাস-ঐতিহ্য
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি ঘিরে রাজশাহী মহানগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা সেজেছে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ইতোমধ্যে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাজসজ্জার কাজ শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি জনবহুল বিভিন্ন এলাকায় বসানো হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে।
এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস, ঐতিহ্য, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডও প্রচার করা হচ্ছে। নগরীর ব্যস্ত সড়কে চলাচলকারী মানুষের নজর কাড়ছে এসব সাজসজ্জা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালি।
এ ছাড়া সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এসব কর্মসূচিতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সাজানো হয়েছে। এর মাধ্যমে বিএনপির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে সেই ইতিহাস ও ঐতিহ্য স্মরণ করা হচ্ছে।
তিনি বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সব কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে তারা আশা করছেন।
শাহীন শওকত বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শুধু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি নয়, জনকল্যাণ ও পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীতে সবুজায়নকে ঘিরে দুটি বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জনগণের পাশে থেকে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।
এসএ




Comments