আদমদীঘিতে মুক্তিযোদ্ধা সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কার্যালয়ের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে যাতায়াতের পথ তৈরির জন্য এই কাজ করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিকার চেয়ে গত ১৮ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ৫১ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মকছেদ আলীসহ স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষ বিশিষ্ট একটি ঘর কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল ও তার লোকজন প্রভাব খাটিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল ভেঙে ফেলেন। এরপর কার্যালয়ের পূর্ব পাশে প্রায় ১৬ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রশস্ত জায়গা দখল করে নিজেদের বাগানে যাওয়ার রাস্তা তৈরি করেন। ইতিমধ্যে দখলকৃত জায়গায় ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও শেষ করা হয়েছে।
অভিযোগকারী মকছেদ আলী বলেন, "শান্ত মন্ডল প্রভাব খাটিয়ে ও কয়েকজনকে ম্যানেজ করে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়টি ভেঙে রাস্তা বের করেছেন। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানাই।"
এ বিষয়ে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম জানান, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিআর




Comments