Image description

উৎসবমুখর পরিবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে ওঠে খালিয়াজুরীর রাজপথ। দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি, ত্যাগ ও সংগ্রামের আবেগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (কেষ্ট)সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রাম থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। নেতাকর্মীদের স্লোগান ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগ।

কর্মসূচিতে লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত এই দল নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকট মোকাবিলা করে জনগণের পাশে রয়েছে।

তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু একটি দলের প্রতিষ্ঠার দিন উদযাপন নয়; এটি তৃণমূলের নেতাকর্মীদের মিলন, ঐক্য ও নতুন প্রত্যয়ের দিন। খালিয়াজুরীর প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপির সাংগঠনিক ভিত্তি তৃণমূলে শক্তিশালী ও সক্রিয় রয়েছে।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসএ