চলন্ত ট্রেনের খাবারগাড়িতে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় চলন্ত ট্রেনের খাবারগাড়িতে এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে উঠে পড়েন। ট্রেনের খাবারগাড়িতে অবস্থানকালে কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই সময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। ডিউটিরত অবস্থায় ট্রেনের ভেতরে এ ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন জানান, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় পুলিশ সদস্যের জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিআর




Comments