Image description

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়িত্বরত ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয়।

এর আগে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক এবং দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ভুক্তভোগী ওই নারী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ভ্রমণ করছিলেন। চলন্ত অবস্থায় ট্রেনের খাবার গাড়িতে (ক্যান্টিন) তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে সাধারণ যাত্রীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। এ সময় যাত্রীরা ঘটনাস্থল থেকেই ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঘটনার সময় ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিআর