শাজাহানপুরে সড়কের মাঝখানে স্কুলের দুই গাছ
দুর্ভোগে গ্রামবাসী
বগুড়ার শাজাহানপুরে একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটি গাছের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গাছ দুটির কারণে বড় যানবাহন চলাচল করতে না পারায় পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ।
সড়কটি উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা খালপাড়া গ্রামের। সড়কের মাঝখানে থাকা গাছ দুটি সরকারি মাদলা-চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলে এলেও এটি সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন ও বিভিন্ন জরুরি প্রয়োজনে সড়কটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সসহ বড় যানবাহন গাছ দুটির কারণে গ্রামে প্রবেশ করতে পারে না। এতে জরুরি মুহূর্তে ভোগান্তি আরও বেড়ে যায়।
এলাকাবাসী জানান, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত গাছ দুটি অপসারণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং দ্রুত সমস্যার সমাধানের দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। মানববন্ধন থেকে গাছ দুটি অপসারণসহ সড়কটি যান চলাচলের উপযোগী করার দাবি জানানো হবে।
মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, গাছ দুটির মালিকানা মাদলা-চাঁচাইতারা উচ্চ বিদ্যালয়ের। গাছ কাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের। তবে রাস্তা দিয়ে চলাচলে সমস্যার বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।
সরকারি মাদলা-চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ বলেন, গাছ দুটি কাটার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সরকারি গাছ কাটার ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া মেনেই গাছ কাটার সিদ্ধান্ত নিতে হবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে আইন ও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, গাছ দুটি অপসারণ করে সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করা হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।
এসএ




Comments