Image description

কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা, অবৈধ সীমান্ত পারাপার, পুশ-ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির আওতাধীন খারিজাথাক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত সুরক্ষা কেবল বিজিবির একার দায়িত্ব নয়। সীমান্তের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আকস্মিক বন্যা পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার পরামর্শ দেন। একই সঙ্গে কোনো ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে সহায়তা বা আশ্রয় না দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসএ