৮ বছরেই ঝুঁকির মুখে লাখাই ফায়ার সার্ভিস স্টেশন
নির্মাণ ত্রুটিতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা
উদ্বোধনের মাত্র কয়েক বছর না পেরোতেই চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। মানহীন নির্মাণকাজ ও ব্যাপক দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির বাউন্ডারি ওয়াল ও মূল চত্বরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে হেলে পড়েছে, দেখা দিয়েছে বড় বড় ফাটল। যেকোনো মুহূর্তে দেওয়াল ধসে প্রাণহানির আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
২০১৮ সালের ৫ অক্টোবর (২০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং হবিগঞ্জ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হয় এই ফায়ার সার্ভিস স্টেশনটি। প্রকল্পটির নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান BBL & MSE JV।
সরেজমিনে দেখা যায়, স্টেশনটির চারপাশের বাউন্ডারি দেওয়াল ও সংলগ্ন কাঠামো একপাশে মারাত্মকভাবে ঝুঁকে পড়েছে। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। সামান্য বৃষ্টি বা মৃদু ভূকম্পনেই ঝুঁকিপূর্ণ অংশগুলো ধসে পড়ার উপক্রম হয়েছে। জনবহুল এই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, দেওয়াল ধসের ঝুঁকিপূর্ণ বিষয়টি ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাদের প্রতিনিধি দল বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। তবে অফিসের আশঙ্কা, পেছনের দেয়ালটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে মূল ভবনটির ওপর আছড়ে পড়তে পারে, যা আরও বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, যেহেতু ফায়ার সার্ভিস অফিস বিষয়টি গণপূর্ত বিভাগকে অবগত করেছে, তাই তারাই বিষয়টি দেখবেন; বিষয়টি এখন তাদের আওতাধীন। তবে ২০১৮ সালে নির্মিত একটি জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা মাত্র কয়েক বছরের মধ্যে এমন বেহাল দশায় পৌঁছানোয় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ব্যাপক দুর্নীতির কারণেই আজ লাখাইবাসীর সুরক্ষার এই প্রতিষ্ঠানটি নিজেই চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবিলম্বে নিম্নমানের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ দেয়াল পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।
এসএ




Comments