Image description

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় চার দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আজ সোমবার সকালে আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামে নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল সেতুর অদূরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর এবং তাঁর পরনে বোরকা ছিল।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছিল। তবে রাজবাড়ী মর্গে পর্যাপ্ত ফ্রিজিং ব্যবস্থা না থাকায় মরদেহটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে মর্গের আশপাশের বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ, সিআইডি ও পিবিআই দীর্ঘ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পরিচয় না মেলায় সব আইনি প্রক্রিয়া শেষে আজ আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন জানান, রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়। পরিচয় শনাক্ত না হলেও এই মৃত্যুর পেছনের কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

ডিআর