Image description

নারীরা যাতে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং নিজেদের মতো করে সংসার পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সাঈদ আহমেদ আসলাম বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। দেশের উন্নয়ন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নারীদের ঘরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

মহিলা দল প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। নারীদের শিক্ষা, সামাজিক মর্যাদা ও অগ্রগতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরে সাঈদ আহমেদ আসলাম বলেন, নারীদের পরিবার ও সমাজে আরও বেশি ক্ষমতায়িত করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা পরিবারের প্রয়োজন অনুযায়ী সুবিধা ব্যবহারের পাশাপাশি সংসারের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, নারীরা বর্তমানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, খেলাধুলাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে নারীদের নেতৃত্বের সুযোগ সৃষ্টি করতে হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের শুধু পরিবারের দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের সঠিকভাবে পরিচালনার পাশাপাশি সুন্দর সমাজ প্রতিষ্ঠায়ও নারীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ