দশমিনায় ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল
সেক্রেটারি মাওলানা রুহুল আমিন
পটুয়াখালীর দশমিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিলকে সভাপতি এবং মাওলানা রুহুল আমিন রুহানিকে সেক্রেটারি করে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে এ শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাজী গোলাম সরোয়ার বলেন, “যাঁরা ধারণা করেছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের পরে নাই হয়ে গেছে, আজকের দশমিনা উপজেলার সম্মেলন তাঁদের সেই ধারণা পাল্টে দেবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে এই দশমিনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আরআইএম অহিদুজ্জামান বলেন, “আমরা পদের জন্য কাজ করি না, আমরা ইসলামের জন্য কাজ করি। আমাদের মুরুব্বিরা যে পরামর্শ দেবেন, আমরা তা মেনে সামনে এগিয়ে যাব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মো. জাহিদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, সদস্য মাসুদুল হাসান নুরী, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজামাল, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আফজাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি বাসির ইসলাম বাচ্চু এবং ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল এবং সেক্রেটারি হিসেবে মাওলানা রুহুল আমিন রুহানির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে দশমিনা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসএ




Comments