চট্টগ্রামের পটিয়ায় সড়কসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকা-সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে মোহাম্মদ ইছহাক আল কাদেরী নামে এক ব্যক্তি বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ




Comments