Image description

সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ও লোহাগড়ার সাংবাদিক কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের একমাত্র ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের জামাতা সনি চৌধুরী জানান, রোববার সকালে কাজী আশরাফ ও লোহাগড়া উপজেলার করফা গ্রামের আসলাম গাজীর ছেলে মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটির সঙ্গে একটি পরিবহন বাসের সংঘর্ষ হয়।

এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিকও আহত হন। তবে তার আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে বেলা ১২টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মৃত্যুকালে কাজী আশরাফ দুই কন্যাসন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে নড়াইল ও লোহাগড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এসএ