মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক মুসুল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামে আরও এক মুসুল্লি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রুস্তম আলী মীর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ




Comments