Image description

নরসিংদীর মনোহরদী পৌরসভায় নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পৌরসভাকে একটি নির্দিষ্ট ফিডারের আওতায় নিয়ে আসার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মনোহরদী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন মনোহরদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ড আলাদা আলাদা ফিডারে বিভক্ত থাকায় এ ভোগান্তি বহুগুণ বেড়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সহযোগিতায় সমগ্র পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার এ ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ উন্নয়নকাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এমআর এন্টারপ্রাইজ’। মঙ্গলবারে তারা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, "মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছি।"

তিনি আরও বলেন, "উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমাদের কাজ করে যেতে হবে।"

উদ্বোধকের বক্তব্যে বিএনপি নেতা আমিনুর রহমান সরকার দোলন বলেন, "মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের সুনির্দিষ্ট দাবি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সেই দাবির বাস্তবায়নে পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আশাবাদী।"

তিনি আরও বলেন, "মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সার্বিক প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগে এ কাজ এগিয়ে যাচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মনোহরদী পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসবে এবং পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।"

ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের অনিক বলেন, "মনোহরদী পৌরসভার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করা হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, মনোহরদী পৌরসভা যুবদলের সভাপতি আঃ সামাদ আকন্দ বকুল, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মহসিন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডিআর