Image description

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মীজানুর রহমান, সহ-সভাপতি সরদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল, সদস্য শেখ আল ইমরান ও এম জাকির হোসেন, সমাজসেবক শেখ আব্দুল সালামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং একটি সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।