টঙ্গিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল নির্মূল ও পরিচ্ছন্নতা অভিযান
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল নির্মূল, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ।
সকালে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ গেট থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়। পরে টঙ্গিবাড়ী বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন মোল্লা ও আবুল হোসেন শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মহাসিন খান বাবু। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে প্রত্যেককে সচেতন থাকতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত ধ্বংস করতে হবে। আমরা সবাই সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে।”
এসএ




Comments