Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী জুবায়দুল ইসলাম ও খোরশেদুল আলম বলেন, হঠাৎ দরজার তালা ভাঙার শব্দ শুনে তারা বিষয়টি টের পান। পরে ডাকাতেরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ফেলে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে তারা মালামাল নিয়ে যায়।

তাদের দাবি, গাড়ি বিক্রির আড়াই লাখ টাকা এবং পরিবারের নারীদের প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ছাড়া তিনটি মুঠোফোনসহ আরও কিছু মালামাল লুট করা হয়েছে।

তবে স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীল মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত নন বলে জানান।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ