Image description

বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না দেওয়ায় ঝিমিয়ে পড়েছে নাগরিক সেবা।

উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট প্রশাসকগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেও এখনো কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না সাধারণ জনগণ।

এর কারণ হিসেবে ইউনিয়নগুলোর দায়িত্ব পাওয়া প্রশাসকগণ জানান, ওয়ার্ড পর্যায়ে এখনো প্রশাসক নিয়োগ না হওয়ায় তাঁদের দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে।

উপজেলার গারুড়িয়া ইউনিয়ন ও পাদ্রিশিবপুর ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী একাধিক ব্যক্তি জানান, ওয়ার্ড প্রশাসক না থাকায় তাঁদের অনেক গুরুত্বপূর্ণ কাজ তাঁরা করাতে পারছেন না।

পরিষদের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রশাসক না থাকায় নাগরিক সেবায় গতিশীলতা ফিরছে না। বিশেষ করে ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাসময়ে সংগ্রহ করা থেকে বঞ্চিত হচ্ছেন একাধিক নাগরিক।

এছাড়া ওয়ার্ড প্রশাসক না থাকায় গত তিন মাস ধরে ভিজিডি কার্ডের চালও পাচ্ছেন না সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণ।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল মানবকণ্ঠকে জানান, ‘‘ওয়ার্ডগুলোর জন্য প্রশাসকের তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিকট পাঠানো হয়েছে। আশা করি অতি তাড়াতাড়ি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোর প্রশাসক নিয়োগ সম্পন্ন হবে।’’

ডিআর