Image description

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধের অবৈধ কেনাবেচা ও মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল রোড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে 'হাজী মেডিকেল হল' ও 'বিসমিল্লাহ মেডিকেল হল'-এ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সরকারি ও অননুমোদিত ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে আইন লঙ্ঘনের দায়ে উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে নেত্রকোণা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামিম হোসেন ও তাঁর টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, "ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণ রোগীদের কাছে বিক্রয়ের সুযোগ নেই। এ ধরনের ওষুধের অননুমোদিত বিক্রি বা মজুত রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে নিয়মিত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(গ) ধারা অনুযায়ী চিকিৎসকদের দেওয়ার জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত ও প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

ডিআর