Image description

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তাঁর ১০ মাস বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনিয়া (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়েলা গ্রামের আরফান আলী শেখের মেয়ে এবং মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোনিয়ার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে কারারক্ষী আবুল হোসেন জানান, সাতদিনের ছুটি নিয়ে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর স্নাতকোত্তর ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে পরিবারসহ মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস উল্টো পথে এসে তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, উল্টো পথে বাস আসতে দেখে আতঙ্কে মোটরসাইকেল থেকে সোনিয়া কোলে থাকা শিশুকে নিয়ে পড়ে যান। বাসের তীব্র আঘাতে দুজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাতও মারা যায়। এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাম্মি জানান, ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। ১০ মাস বয়সী শিশুটি জীবিত থাকলেও চিকিৎসা চলাকালীন সময়ে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআর