সিরাজদিখানে অফিস কোয়ার্টার থেকে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অফিস কোয়ার্টার থেকে একরামুল হক নামে এক এনজিও কর্মীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত একরামুল হক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘টিএমএসএস’ (TMSS)-এর সিরাজদিখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজদিখান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ভবনটির একটি শয়নকক্ষে এক ব্যক্তি ভেতর থেকে অবরুদ্ধ হয়ে আছেন—এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সিরাজদিখান থানা পুলিশের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে একরামুল হককে গলায় রশি পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, “লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এখনো এসে পৌঁছায়নি এসে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিআর




Comments