টাঙ্গাইলের মধুপুরে চুরি করার সন্দেহে জিহাদ (৮) নামের তৃতীয় শ্রেণির এক এতিম শিশুকে অমানবিক শারীরিক নির্যাতনের পর সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া এলাকার গফুর বাসস্ট্যান্ডে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘটে যাওয়া এ নির্যাতনের খবর ও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। খবর পেয়ে অভিযুক্ত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন বাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
জিহাদের নানা মফিজুল ইসলাম ও নানি বকুলি বেগম জানান, শিশু জিহাদের বাবা-মা কেউ নেই। গত ছয় বছর ধরে নানার বাড়িতেই সে মানুষ হচ্ছে। জিহাদ স্থানীয় গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, চুরির সন্দেহে তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন প্রথমে শিশু জিহাদকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। রাতেই গুরুতর অবস্থায় শিশু জিহাদকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এতিম ও নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত মফেজ উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, “খবর শুনেছি। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। বিষয়টি বিস্তারিত জানর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ডিআর




Comments