Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

রেলওয়ে ভূমি ও ইমারত বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এরশাদ উল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেডের মূল ফটকের দক্ষিণ পাশে রেলওয়ের জমি দখল করে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা ও বিভিন্ন কাঠামো নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনায় দখলদাররা বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযানের সময় রেলওয়ের জমিতে নির্মিত এসব অবৈধ স্থাপনা ও কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন (এসআরবি), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নিরাপত্তাকর্মী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো বক্তব্য না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এসএ