সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের চর দুগলি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল আলীম প্রামাণিক ওই গ্রামের মোখলেছ প্রামাণিকের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আবদুল আলীম পলাতক রয়েছেন।
শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী আবদুল আলীম প্রায়ই তাকে নির্যাতন করতেন। সোমবার স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে লাঠি দিয়ে মারতে যান আলীম। এ সময় তার কোলে থাকা ৯ মাস বয়সী মেয়ে হালিমার মাথায় লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে দাবি করেন তিনি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের আবদুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলীম লাঠি দিয়ে তার স্ত্রীকে আঘাত করলে লাঠিটি তার কোলে থাকা শিশুর শরীরে লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আবদুল আলীম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এসএ




Comments