Image description

গাজীপুর মহানগরীর টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতাইশ-সখিনগর এলাকায় মাদক ও ছিনতাইচক্রের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে সখিনগর এলাকায় অপরাধে জড়িত শাওন ও সাগর নামের দুইজনকে আটক করতে গেলে একজন আচমকা ধারালো ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

পরে সঙ্গে থাকা সহকর্মী পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) খালিদ মোহাম্মদ আরাফাত মানবকণ্ঠকে বলেন, "এসআই হানিফ বর্তমানে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ভাসকুলার সার্জারি লাগবে কি না কিংবা টেনডন ইনজুরি হয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সকালে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। তাঁর একটি সিটি এনজিওগ্রাম করানো হচ্ছে; রিপোর্ট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"

এ ঘটনায় শাওন ও সাগর নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিআর