Image description

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো: সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার ক্যাশলেস লেনদেনের বিষয়ে গুরুত্ব দিয়েছে। এতে একদিকে যেমন নিশ্চিত হবে আর্থিক লেনদেনের স্বচ্ছতা পাশাপাশি কমবে জাল টাকার বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি। এক্ষেত্রে বাংলা কিউআর হবে গ্রাহকের আস্থা ও নিরাপদ মাধ্যম। এই প্লাটফর্ম মূলত সকল ব্যাংক কে সমন্বয় করে গ্রাহকের লেনদেন করবে আরও সহজ ও ভোগান্তিবিহীন। এর মাধ্যমে টাকা ছাপাতে প্রতিবছর সরকারের যে বিশাল অংকের ব্যয় হয় তা অনেকাংশেই কমানো সম্ভব।
 
এমটিবি বগুড়া শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বুধবার দুপুরে বগুড়া শহরের রানার প্লাজার নিচতলায় অনুষ্ঠিত বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালকবৃন্দ যথাক্রমে মো: সেলিম আহম্মদ, সরদার আল ইমরান ও মো: আখতারুল ইসলাম, এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম প্রমুখ।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা মো: সামিউল করিম। কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ বলেন, দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন।  একই সঙ্গে দৈনিক লেনদেন প্রায় সাড়ে ৩ লাখ, যার আর্থিক মূল্য প্রায় ১৪৩.৫৪ কোটি টাকা। গত ৯০ দিনে এই লেনদেনের সংখ্যা প্রায় ৩.৫ গুণ এবং লেনদেনের পরিমাণ প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে।

 এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে এমটিবি দেশব্যাপী বাংলা কিউআর গ্রহণ ও ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। তারা বিশ্বাস করেন ডিজিটালাইজেশনের মাধ্যমে একদিকে যেমন কমে আসবে গ্রাহকদের লেনদেনের ভোগান্তি অন্যদিকে তারাও গ্রাহকের লেনদেন বিবেচনায় ঋণ কার্যক্রমকে আরো বেগবান করতে পারবেন।

এসএস