Image description

দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। এ খাতের টেকসই উন্নয়ন ও সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে গবেষক ও বিজ্ঞানীদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রে গবেষণার অগ্রগতি পর্যালোচনাবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, সীমিত সম্পদের শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা প্রকল্পের একটি টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অন্যথায় জনগণের পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কাছেও জবাবদিহি করতে হবে।

বর্তমান বেতন স্কেলকে সরকারের একটি সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, সরকার কর্মচারীদের সুযোগ-সুবিধা দ্বিগুণ বৃদ্ধি করেছে। এখন সবার দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আরও বেশি পরিশ্রম করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভাপতির বক্তব্যে ড. মো. লতিফুল ইসলাম বলেন, চলমান গবেষণাগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে দেশের ‘মেরিকালচার’ বা সামুদ্রিক মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্রপ্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মণ্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান, ফাল্গুনী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসএ