Image description

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার সময় ধাক্কায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত নাসিমা খাতুন ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে স্থানীয় মোমিনের সঙ্গে শহিদুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষরা প্রায়ই তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর আনুমানিক চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে।

নিহতের মা আলেয়া খাতুন অভিযোগ করে জানান, হামলাকারীরা বাড়িতে তাণ্ডব চালালে নাসিমা খাতুন বাধা দিতে এগিয়ে যান। এ সময় আকরাম নামের এক ব্যক্তি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুত্রবধূর আত্মচিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্বজনেরা এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডিআর