ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও ব্রিজে পাটখড়ি (পাটশোলা) ভর্তি একটি চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় পুরো পৌর শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পাটখড়িভর্তি ট্রাকটি নান্দাইল বাজারের ভেতর দিয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারের দিকে যাচ্ছিল। পথে নান্দাইল বাজার এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে ট্রাকে থাকা পাটখড়ির সংস্পর্শ ঘটে। এতে বৈদ্যুতিক স্পার্ক থেকে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়।
চলন্ত ট্রাকের বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রাকটি আচারগাঁও ব্রিজে পৌঁছালে স্থানীয় লোকজন চিৎকার করে চালককে গাড়ি থামাতে বলেন। পরে এলাকাবাসী নরসুন্দা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এসএ




Comments