Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বখাটেদের হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত তার বড় ভাই মো. হাসান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকার বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। তিনি রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এলাকায় মাদক সেবন নিয়ে স্থানীয় টিটনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে টিটন বার্মিজ ছুরি ও চাপাতি নিয়ে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানের ওপর হামলা চালায়। এতে দুজনেই গুরুতর জখম হন। চিকিৎসকরা আব্দুর রহমানের একটি হাত কেটে ফেললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর