ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে সব অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি এবং সর্বোপরি ভোটের ক্ষতি হবে।’
রোববার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালীর মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে এক মতিবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, ‘সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানুষের কাছে আমাদের ভোট চাইতে হবে, ভোটার কিন্তু এরাই। তাদের কাছে হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে, এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি মানুষের অনুভূতিগুলো নিয়ে আমরা কাজ করবো।’
জেলেদের পেশাগত সমস্যার সমাধানে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘জেলেদের যাতায়াত ও নিরাপদ নৌযানের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইট হাউজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
মতবিনিময় সভায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমডোর তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী খাপড়াভাঙ্গা নদী এলাকা পরিদর্শন করেন এবং জেলেদের বিভিন্ন ট্রলার ঘুরে দেখেন।
ডিআর




Comments