Image description

দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে এটি বেশি রটানো হচ্ছে। সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে এবং বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নিজ জেলা লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা আলোচনায় এলেও মূলত বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই। আমরা ইতোমধ্যে ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছি এবং খুচরা বিক্রেতার সংখ্যাও আরও বাড়ানো হবে। লালমনিরহাটের তথ্য অনুযায়ী, গত বছরের চেয়ে এবার বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে।”

সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “সার নিয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কেউ অনিয়ম বা সার মজুত করার চেষ্টা করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সার মজুত রাখলে তথ্য দিয়ে সহযোগিতা করুন; সংবাদ পেলেই গুদামে অভিযান চালিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের বিভিন্ন অনিয়ম লক্ষ করে তা দ্রুত সমাধানের নির্দেশনা দেন তিনি। পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিআর