Image description

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও শুরু হয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতা নিরসন হওয়ায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বন্দরে পুনরায় কর্মচাঞ্চল্য ফেরায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ ছিল। তবে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে আন্দোলনরত ব্যবসায়ীদের ফলপ্রসূ বৈঠক হয়। সেখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল এক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে নিশ্চিত করেন। চিঠিতে উল্লেখ করা হয়, প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে নিয়মিত বাণিজ্য কার্যক্রম চালু করা হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকেই পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়।

টানা পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় হিলি স্থলবন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল। এতে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর শ্রমিকসহ সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন মণ্ডল জানান, ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি আমাদের জানানো হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

শনিবার সকালে ট্রাক প্রবেশের মাধ্যমে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই আগের মতো কর্মব্যস্ত হয়ে উঠবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি।

ডিআর