ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিনের বিরুদ্ধে নানা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউপির সংরক্ষিত নারী সদস্যসহ সকল সাধারণ সদস্য একজোট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যৌথভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
গত ৯ সেপ্টেম্বর (২০২৬) জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মানিক উদ্দিন সরকারি বিধিমালা ও পরিষদের সদস্যদের মতামত তোয়াক্কা না করে নিজস্ব খেয়ালখুশিমতো বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করছেন। সরকারি নিয়ম নীতি না মেনে প্রকল্প বাস্তবায়ন কমিটি (আইসি) গঠন এবং বরাদ্দের অর্থের নয়ছয় করার অভিযোগ তুলেছেন ইউপি সদস্যরা।
অভিযোগপত্রে কয়েকটি সুনির্দিষ্ট প্রকল্পের দুর্নীতির বিবরণ তুলে ধরা হয়। এতে বলা হয়, কাবিটা ও ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার বাড়ি থেকে কামাল মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাইয়ের জন্য প্রথমে ১০ লাখ টাকা ব্যয় করা হয়। পরবর্তীতে একই প্রকল্পে সদস্যদের অগোচরে আরও ৫ লাখ টাকা ব্যয়ের ভুয়া হিসাব দেখানো হয়েছে। এছাড়া ২ নম্বর ওয়ার্ডে রাস্তা সিসি ঢালাইয়ের বরাদ্দকৃত প্রায় ৬ লাখ ৮ হাজার ৪০০ টাকা ইউপি সদস্যদের না জানিয়ে আত্মসাৎ ও অনিয়ম করা হয়েছে।
একইভাবে ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা সিসি ঢালাই, ৫ নম্বর ওয়ার্ডে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন এবং ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। শুধু উন্নয়ন প্রকল্পই নয়, ইউনিয়নের সাধারণ নাগরিকদের কাছ থেকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি বাবদ নির্ধারিত সরকারি হারের চেয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারী ইউপি সদস্যরা আরও জানান, ভিজিডি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ইউনিয়নের জন্য বরাদ্দ ২৫৭টি কার্ডের মধ্যে পরিষদের সভায় তাঁদের মাত্র ২৩৭টি কার্ডের কথা জানানো হয়। পরবর্তীতে গোপনে বাকি কার্ডগুলোসহ কার্ড বিতরণে নানা স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে। ইউপি সদস্যরা এসব অভিযোগ সরেজমিনে নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, “অভিযোগের কপি এখনো হাতে পায়নি। মেম্বারদের আমার সঙ্গে দেখা করতে বলিয়েন। বিষয়টি আমি দেখব।”
ডিআর




Comments