Image description

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত সরকার নিজেদের স্বার্থে লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। তবে এখন সেই লুটপাটের টাকা ভোগ করতে পারছে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, “তারা বলছে বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এসব কথা বলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যারা ওই সময়ের সঙ্গে জড়িত এবং বর্তমানে লুকিয়ে আছেন, তাদের পুলকিত করতেই এসব কথা বলা হচ্ছে।”

তিনি বলেন, “আমরা তো বলি, ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে গ্রহণ করব। আপনি বাংলাদেশের মানুষের সঙ্গে যে মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সেই বিচারের জন্য আমরা অপেক্ষা করছি।”

বিমানমন্ত্রী আরও বলেন, “আমরা পার্শ্ববর্তী দেশের কাছে অনুরোধ করেছি, অতিসত্বর শেখ হাসিনাসহ যারা পালিয়ে আছেন, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, তার বিচার করার পাশাপাশি সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের টাকা লুটের বিষয়গুলোর সমাধান করতে চাই।”

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ