খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলায় একটি মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে তাঁর ওপর মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এসএ




Comments