পরিচ্ছন্নতার কারণেই এবার মোংলায় জলাবদ্ধতা কম হয়েছে: ইউএনও
প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী নানা আয়োজনে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) যৌথ উদ্যোগে "ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টোওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেশন ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতায় ছিল পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের লক্ষ্য তুলে ধরে বলেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনশৈলী ও বর্জ্য ফেলার দৃষ্টিভঙ্গিতে স্থায়ী পরিবর্তন আসবে। সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান স্থানীয় প্রশাসন, সংগঠন ও জনগণের সুসমন্বিত অংশগ্রহণের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর প্রতিনিধি জান্নাতুল সাদিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানে আলম বাবু।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর পরিচালনায় উপস্থিত সবাই পরিবেশ সুরক্ষায় শপথ গ্রহণ করেন এবং স্মারক অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। পরে অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেরিন ড্রাইভ রোডে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
এ আলোচনা সভা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের তিন শতাধিক সামাজিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
ডিআর




Comments