Image description

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদি আখতার জাহান আর নেই।

বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি স্ট্রোক করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে (রাত ১০:৩০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সখীপুরে প্রয়াত শওকত মোমেন শাহজাহানের পারিবারিক বাসভবনে উপস্থিত হয়ে তিনি মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, "মরহুমা আখতার জাহান ছিলেন একজন আদর্শ ও রত্নগর্ভা মা। তাঁর সন্তানরা দেশ ও মানুষের সেবায় অনন্য অবদান রেখে গেছেন।"

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পারিবারিক সূত্রে জানা যায়, স্কয়ার হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে রাতেই মরদেহ নিজ গ্রাম সখীপুরে নিয়ে আসা হয়। শনিবার বিকেল ৫টায় স্থানীয় সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ভিডিও কলে দাদির জন্য সকলের কাছে দোয়া চান সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আখতার জাহানের প্রয়াণে সখীপুর ও বাসাইল এলাকার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ডিআর