Image description

নওগাঁর পোরশা উপজেলায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার সারাইগাছি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পদযাত্রাটি পোরশা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সারাইগাছি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।

নওগাঁ জেলা এনসিপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সংগঠক নাহিদ হোসেন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব সারজিস আলম, নাহিদ পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে গণভোট বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।” তারা জনগণের এসব ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দাবি আদায়ে আগামীতে আরও সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

মানবকণ্ঠ/ডিআর