Image description

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর থেকে জারি করা এক সাংগঠনিক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী আফতাব মজুমদারকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ২৩ জুলাই থেকেই এই আদেশ কার্যকর হয়েছে এবং এখন থেকে দলীয় কোনো কার্যক্রম বা পরিচয়ের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না।

এর আগে, গত বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহরের বিডিআর মাঠ এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রীর সাথে আফতাবের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন আফতাব। পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের কথা বললে তিনি অস্বীকৃতি জানান এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এই ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মানবকণ্ঠ/ডিআর